কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের হাতে পুরাতন সিলেবাসের প্রশ্ন, বুঝলেন ১০ মিনিট পর

কুমিল্লার মুরাদনগরে চলমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিএমটি) দ্বিতীয় বর্ষের কম্পিউটার অফিস এপ্লিকেশন-২ বিষয়ের পরীক্ষার পুরাতন সিলেবাসের প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর জানা গেল শিক্ষার্থীদের হাতে দেয়া প্রশ্ন পুরাতন সিলেবাসের। এক শিক্ষার্থী তা বুঝতে পেরে শিক্ষককে জানালে পুরাতন প্রশ্ন তুলে নিয়ে নতুন প্রশ্ন শিক্ষার্থীদের হাতে দেন কেন্দ্র সচিব। 

বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিক্ষার্থীদের ১০ মিনিট ব্যয় হওয়ায় পরীক্ষা শেষে অতিরিক্ত দশ মিনিট দেয়া হবে বলে জানালেও পরীক্ষা শেষে অতিরিক্ত ১০ মিনিট না দেয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই কেন্দ্রে উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও হায়দ্রাবাদ কলেজের কারিগরি শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিএমটি) দ্বিতীয় বর্ষের কম্পিউটার অফিস এপ্লিকেশন-২ বিষয়ের পরীক্ষা ছিল বৃহস্পতিবার। এ বিষয়ের আগের পুরাতন সিলেবাসের কোড ছিল ১৮২৩। নতুন সিলেবাসের কোড ২১৮২৩। বাঁশকাইট কলেজের কেন্দ্র সচিব প্রভাষক নজরুল ইসলাম ভূঁইয়া পুরাতন সিলেবাসের ১৮২৩ কোডের দুই বান্ডেল প্রশ্ন খুলে পরীক্ষার্থীদের মাঝে বিলি করেন। একজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তারা বুঝতে পারেন বিষয় কোডটি ভুল হয়েছে। তারপর নতুন সিলেবাসের ২১৮২৩ কোডের বিষয়ের প্রশ্ন খুলে পুনরায় বিতরণ করা হয়। 

এ সময় দশ মিনিট অতিবাহিত হয়ে যায়। এ বিষয়ে ছাত্রদের মধ্যে হৈ-হুল্লোড় শুরু হলে পরবর্তীতে ১০ মিনিট বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিবৃত্ত করা হয়। কিন্তু পরীক্ষা শেষে ১০ মিনিট সমন্বয় না করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এইগুলো মিথ্যা কথা। আমি পরীক্ষার হলে ছিলাম। আমাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধিও ছিল। সাংবাদিকও আসছিল। আপনারা তাদের জিজ্ঞাসা করতে পারেন।’

এ বিষয়ে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মো. কাউছার আল মামুন বলেন, পরীক্ষার সময় আমি ছিলাম। কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই। এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্পূর্ণ ভুয়া কথা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত উদ্দিন পুরাতন সিলেবাসের প্রশ্ন দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমিও এমনটা শুনেছি। পরে আমি কেন্দ্রে যাই। সেখানে যাওয়ার আগেই পরীক্ষা দুপুর ১ টায় শেষ হয়ে গেছে, যার কারণে কোনো শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারিনি। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তবে ১০ মিনিটের যেই বিষয়টি সেইটা যদি বলি, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা শেষ হবার নির্দিষ্ট সময়ের বাইরে ১০ মিনিট বেশি সময় দেয়া হয়েছে।