বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারকে তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এক আদেশে দুজনকে কোনোরকম ব্যর্থতা ছাড়াই আগামী ২১ জুলাই সকাল ৯টায় আপিল বিভাগের হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে এ সময় পর্যন্ত মহসীন রশীদকে মামলা পরিচালনা থেকে বিরত থাকতে বলেছে আপিল বিভাগ।
সম্প্রতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী আপিল বিভাগে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা নিতে এ আবেদনটি করেন। এটি গত ২৬ জুন চেম্বার আদালতে শুনানির জন্য উঠলে আদালত আপিল বিভাগে ৪ জুলাই শুনানির জন্য ধার্য করেন।
সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্যমতে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিকে (পলাতক) ২০১৩ সালের ৪ নভেম্বর মৃত্যুদ- দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তাকে ‘যুদ্ধাপরাধী’ বলা হয় এবং প্রতিবেদনটি টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করা হয়। তবে চৌধুরী মঈনুদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মানহানি মামলা করেন। অধস্তন আদালতে এটি খারিজ হওয়ার পর ব্রিটেনের সুপ্রিম কোর্টে মানহানির মামলার আবেদন করেন মঈনুদ্দিন। গত ২০ জুন সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়ে তাকে মানহানির মামলা করার অনুমতি দেয়।
এ রায় নিয়ে ২১ জুন কনক সারওয়ার পরিচালিত ভার্চুয়াল টক শোতে মহসীন রশিদ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।