বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার দুজনেই পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি আজিজুল মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। তিনি বলেন, এই দুর্ঘটনায় এনা পরিবহনের বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে। নিহতের নাম-পরিচয় জানতে কাজ করা হচ্ছে।

গাড়িচাপায় দারোয়ানের মৃত্যু : রাজধানীর পূর্ব রাজাবাজারে বাসার মালিকের গাড়িচাপায় দারোয়ান ফজলুল হকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেন খান। তিনি বলেন, পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে মালিক গাড়ি বের করছিলেন। এ সময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় ধাক্কা লাগে। এ সময় গাড়িটি গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর থেকে মালিক পলাতক রয়েছেন।

জানা গেছে, নিহত ফজলুল হক নেত্রকোনা জেলার বাসিন্দা। অভিযুক্ত বাসমালিকের নাম মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী।