আবারও আর্জেন্টিনার ত্রাতা হয়ে দাঁড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকার রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনাকে প্রায় ছিটকেই দিয়েছিল ইকুয়েডর। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে সবসময়ই আর্জেন্টিনার ত্রাতা এমি মার্তিনেজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইকুয়েডরের প্রথম দুটি শট ঠেকিয়ে দিয়ে তিনিই হয়ে উঠলেন আর্জেন্টিনাকে সেমিফানালে তোলার নায়ক।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্তিনেজ বলেন, তিনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাননি। তাই নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে জিতিয়ে এনেছেন, “পেনাল্টি শ্যুটআউটের আগে ওদের (সতীর্থদের) বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। আমার সমর্থকদের অনুভব করি। আমার পরিবারও কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর।”
৩১ বছর বয়সী এই গোলকিপার আরও বলেন, “আমি এমন কিছুর জন্যই পরিশ্রম করি। প্রতিদিন অনুশীলনে আমি ৫০০ এর মতো শটের মুখোমুখি হই। চেষ্টা করি সব সময়ই ভালো অবস্থানে থাকতে। আমার দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চায়। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে আমি গর্বিত। একজন গোলকিপার হিসেবে এবং ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই।”
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচের মূল সময় ১-১ সমতায় শেষ হয়। ৩৫তম মিনিটে মেসির কর্নার থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল পরিশোধ করে ইকুয়েডর। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে।