আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা এখন ইতিহাস। বিদায়ের পর দিন যত গড়াচ্ছে, বিদায় মুহূর্তের আবেগ আর ভালোবাসার নতুন নতুন অধ্যায় প্রকাশ্যে আসছে। এবার সতীর্থদের দেওয়া এক বিশেষ স্মারক উপহার উন্মোচনের পর আলবিসেলেস্তেদের ড্রেসিংরুমের সেই গভীর ভালোবাসা আরও স্পষ্ট হলো। অধিনায়ককে বিদায় জানাতে সবাই মিলে উপহার দিয়েছেন বিশেষ এক ১০ নম্বর জার্সি, যার পেছনে লেখা কেবল একটি শব্দ, ‘ধন্যবাদ’।
আর সেই জার্সির গায়ে স্পন্সর সংস্থার প্রকাশ করা ছবিতে দেখা গেল সতীর্থদের হাতে লেখা হৃদয়স্পর্শী সব বার্তা।
দলের সবচেয়ে নিকটতম বন্ধু ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল নিজের বার্তায় পুরো ফুটবল বিশ্বের হয়ে যেন মনের কথাটি লিখে দিয়েছেন। জার্সির এক কোনায় ডি পল লিখেছেন, ‘তুমি না থাকলে এর কোনো কিছুই ঘটতো না। তোমায় অনেক ভালোবাসি, ভাই।’
বিশ্বসেরা হওয়ার পেছনের কারিগরকে নিয়ে ডিফেন্ডার ক্রিস্টিয়ান কুটি রোমেরো লিখেছেন, ‘কখনও হাল না ছাড়া এবং অসম্ভবকে সম্ভব করার শিক্ষা দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি, ক্যাপ্টেন।’
মেসির ছায়ায় নিজেদের সেরা সংস্করণে রূপ নেওয়া অন্য সতীর্থরাও ছিলেন চরম আবেগপ্লুত। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ লিখেছেন, ‘আমাকে বিশ্বের সেরা গোলরক্ষক বানানোর জন্য ধন্যবাদ। তোমার জন্য প্রতিটি গোল বাঁচানোর চেষ্টা করেছি আমার পুরো হৃদয় দিয়ে।’
একই সুরে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লিখেছেন, ‘লিও, আমাদের জাতীয় দলের ইতিহাস বদলে দেওয়ার জন্য ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য লড়েছ তুমি। তোমাকে খুব মিস করব।’
স্ট্রাইকার লাউতারো মার্তিনেজও কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘তোমার চমৎকার সেই অর্জনের জন্য ধন্যবাদ, যা আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে। আমি আজীবন কৃতজ্ঞ।’
এছাড়া লিয়ান্দ্রো পারেদেস লিখেছেন, ‘আমাদের এতটা আনন্দ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ,’ আর নিকোলাস তাগলিয়াফিকো যোগ করেন, ‘ফুটবল ও এই জার্সির প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ, লিও।’
স্পন্সর প্রতিষ্ঠানের বিশেষ ভিডিও ক্লিপেও ধরা পড়েছে মাঠের বাইরে তরুণ প্রজন্মের ওপর মেসির গভীর প্রভাব। ভবিষ্যতে ১০ নম্বর জার্সি কাঁধে তোলার দৌড়ে থাকা নিকোলাস পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো অকপটে স্বীকার করেছেন মেসির সাথে খেলার অভিজ্ঞতা তাদের ক্যারিয়ারকে নতুন পথ দেখিয়েছে। ফিওরেনতিনার তরুণ উদীয়মান তারকা মাস্তানতুওনোর ভাষায় তো, মেসির পাশে খেলাটা ছিল ‘স্বপ্নের মতো’। আন্তর্জাতিক আঙিনা ছেড়ে গেলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিটি সদস্যের হৃদয়ে যে লিওনেল মেসি চিরস্থায়ী আসন গেড়ে আছেন, সতীর্থদের এই জার্সির বার্তাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ।