নতুন কারিকুলামে ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। গত ৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বাংলা, সপ্তম শ্রেণির ধর্ম, অষ্টম শ্রেণির জীব ও জীবিকা ও নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতিতে প্রথম দিনের পরীক্ষার আগে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। তবে এটাকে প্রশ্নফাঁস বলতে নারাজ শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।
কারণ নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বই দেখে লেখারও সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীরা আগে প্রশ্ন পেলেও উত্তর খুঁজে পাবে না। এমন যুক্তি তুলে ধরেছেন শিক্ষামন্ত্রীসহ এনসিটিবি কর্মকর্তারা। তবে ভিন্ন কথা বলছেন অভিভাবকরা। এই কারিকুলাম শিক্ষার্থীদের প্রতিভা নষ্ট করবে বলে দাবি তাদের। কারণ একজন শিক্ষার্থীর বই দেখে লিখে মানসিক বিকাশ ঘটে না। এছাড়াও পরীক্ষায় আগেই অনলাইনে প্রশ্ন আসায় শিক্ষার্থীরা বিভিন্ন ইউটিউব ও ফেসবুক থেকে প্রশ্নের উত্তর খুঁজে তা নোট করছে। সেই নোট মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখে আসতেছে। এতে বরং শিক্ষার্থীদের পড়ার আগ্রহ কমে যাচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীরা ইউটিউব ও ফেসবুকে প্রশ্নের খোঁজে ব্যস্ত থাকছেন। কারণ এই দুই মাধ্যমে পরীক্ষার প্রশ্নের সঙ্গে সমাধানও মিলছে। সেই সমাধান পাওয়ার জন্য শিক্ষার্থীরা রাত জেগে ফেসবুক ও ইউটিউকে সক্রিয় থাকছেন। প্রশ্নের সঙ্গে উত্তর পাওয়ার পর তাই নোট করে পড়ে পরীক্ষা দিচ্ছেন। এতে নতুন কারিকুলামে সৃজনশীল মেধার যে ব্যাপারটি তৈরি হওয়ার কথা তা ব্যহত হচ্ছে। ভালো কিছু হওয়ার বিপরীতে শিক্ষার্থীরা নকল করায় অভ্যস্ত হবে বলে মনে করছেন শিক্ষকরা।
অভিভাবকদের দাবি, ‘যদি নতুন কিছু শেখাতেই হয় তাহলে প্রশ্নফাঁস বা বই দেখে লেখার মাধ্যমে সম্ভব নয়। এভাবে পাঁচ ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীরা কিছুই শিখছে না। বরং সহাপাঠীদের সঙ্গে গল্প করে সময় কাটিয়ে বাড়িতে ফিরছে। আগে তবু পড়ার একধরনের প্রতিযোগিতা হতো এখন সেটাও হারিয়ে যাচ্ছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা।’
এদিকে নতুন শিক্ষাক্রমের প্রশ্নপত্র ফাঁস হলেও এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। গত বুধবার (৩ জুলাই) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘পরীক্ষায় কী প্রশ্ন আসবে শিক্ষার্থীরা তা জানলেও কোনো সমস্যা হবে না। এখানে ফাঁস করার কিছু নেই। প্রশ্নফাঁস করে লাভ নেই। শিক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতার স্তর পাস করতে হবে।’
জানা গেছে, প্রথম দিনে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছে এনসিটিবি। প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন আগের দিন তিনটায় প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করলেও আগামীকালের প্রশ্নপত্র সন্ধ্যা ৭টায় উন্মুক্ত করা হবে। এছাড়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মো. মশিউজ্জামান (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন গত ৩ জুলাই থেকে দেশব্যাপী একসঙ্গে শুরু হয়েছে। নতুন মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আগের রাতে প্রতিষ্ঠানপ্রধানের নিজস্ব আইডিতে পাঠানো হচ্ছে। কোনো কোনো শিক্ষক তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা শিক্ষকতার নৈতিকতাবিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষকসুলভ আচরণ। নৈপুণ্য অ্যাপ ট্র্যাকিং আওতায়। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠানপ্রধান যদি এ ধরনের কার্যক্রম করেন, তাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে আরও বলা হয়, মূল্যায়ন কার্যক্রমের নির্দেশনাগুলো বিস্তারণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে।’
মূল্যায়ন সূচি অনুযায়ী, আগামীকাল ৬ জুলাই ষষ্ঠ শ্রেণির ইংরেজি, সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। ১০ জুলাই ষষ্ঠ শ্রেণির গণিত, সপ্তম শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির ধর্ম, নবম শ্রেণির জীব ও জীবিকা। ১৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প সংস্কৃতি, নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা। ১৫ জুলাই ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণির গণিত, অষ্টম শ্রেণির বাংলা, নবম শ্রেণির ধর্ম।
২০ জুলাই ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণির বিজ্ঞান, অষ্টম শ্রেণির ইংরেজি, নবম শ্রেণির শিল্প সংস্কৃতি, ২২ জুলাই ষষ্ঠ শ্রেণির জীব ও জীবিকা, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণির গণিত, নবম শ্রেণির বাংলা। ২৪ জুলাই ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণির বিজ্ঞান, নবম শ্রেণির ইংরেজি। ২৭ জুলাই ষষ্ঠ শ্রেণির ধর্ম, সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণির গণিত। ৩০ জুলাই ষষ্ঠ শ্রেণির শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও সুরক্ষা, অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ও নবম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।