কামড় খেয়ে রাসেলস ভাইপার বস্তায় ভরে হাসপাতালে কৃষক

সাপের কামড় খেয়ে সেটিকে মেরে বস্তায় ভরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়েছেন এক কৃষক। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতলে আসেন কৃষক। 

ওই কৃষক হলেন, মো. রুবেল(২৬)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামের জিনাত আলীর ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক রুবেল জানান, শুক্রবার সকালে নিজ এলাকায় কলাবাগানে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটি বস্তায় ভরে নিয়ে আসেন। এখন তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি ভালোই আছেন বলে জানান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপারের দংশনে অসুস্থ হয়ে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৬ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এখন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয় কৃষক হেফজুল ইসলাম (৪৫)। সেই কৃষক সাপটি মেরে বস্তাবন্দী করে নিজেই রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালে যান।