নৌকায় যাচ্ছিলেন বাড়ি, নদীতে মিলল তরুণের লাশ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকা থেকে নদীতে পড়ে সুজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার  হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশের নদীতে এই ঘটনা ঘটে। 

মৃত সুজন শাশখাই গ্রামের (নতুনহাটি) সরজীবন দাশের ছেলে। দুপুরের দিকে অনেক খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, সুজন সকালে ইঞ্জিনচালিত একটি নৌকার পেছনে গেলে হঠৎ নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  

পরে ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।  

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, নদীতে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি টিম এসে নিখোঁজের মরদেহ উদ্ধার করেছে।