পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হবে: প্রথম ভাষণে প্রধানমন্ত্রী স্টারমার

পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে, এই পরিবর্তনের কাজ এতটা সহজও হবে না। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি দেশে সাশ্রয়ী মূল্যে বাড়ির প্রয়োজনের কথা তুলে ধরেন এবং স্কুলের গুরুত্বের কথা বলেন। স্টারমার তার বক্তব্যে "একটি অনিরাপদ বিশ্বের চ্যালেঞ্জ" তুলে ধরে তা মোকাবিলার জন্য প্রস্তুতির কথা জানান। এ সময় তিনি প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার পূর্বসূরি ঋষি সুনাকের কাজকেও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সাথে সাক্ষাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ঋষি সুনাকের পদত্যাগপত্র রাজা গ্রহণ করার পরই বাকিংহাম প্যালেসে পৌঁছান স্টারমার।

প্রথা অনুযায়ী ‘কিসিং অব হ্যান্ডস’-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হন। 

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।