দাঁড়িয়ে থাকা ট্রাকে পণ্যবাহী ট্রাকের ধাক্কা, নিহত দুই

রাজবাড়ীর কালুখাখীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. লিটন (৩২) ও আনিছুর (৩৫)। লিটনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের নাম মো. ফেলু মন্ডলের ছেলে। আর আনিছুর রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের আনছারের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাক চালকের সহকারী লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় কুষ্টিয়াগামী একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এসময়  দুটি ট্রাক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেয়া ট্রাক চালকের সহকারী আনিছুর। দাড়িয়ে থাকা ট্রাক চালকের সহকারী লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে পথেই তিনি মারা যান।

তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।