আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে কোপা শুরু করেছিল কানাডা। এবার ফাইনালে ওঠার তারা ফের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দলের। প্রতিপক্ষ হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যে কতটা ভয়ংকর, তা ভালোই জানেন কানাডা কোচ জেসি মার্শ। কিন্তু মাঠের খেলায় তিনি কোনো ছাড় দিতে নারাজ।
শনিবার সকালে কোপার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় কানাডা। এর আগে মূল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কানাডা। ম্যাচটি সামনে রেখে মার্শ বলেছেন, ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম ম্যাচের ভুল শুধরে জিততে চান তারা।
“সেমিফাইনালে আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সেরা খেলাটি খেলতে হবে এবং সেটাও হয়তো যথেষ্ট হবে না! তবে আমরা জীবন দিয়ে খেলতে চাই। আমরা ইতিবাচক থাকব। আক্রমণাত্মক থাকব। জড়সড় হয়ে শুধু রক্ষণ আগলে পড়ে থাকব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব। তারপর দেখি এটা (জয়ের ধারা) ধরে রাখতে পারে কিনা।”