‘সবাই ভুলে গিয়েছিল, আমার ভাইও একজন মানুষ’

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম

গত আইপিএলের সময় সামাজিক মাধ্যমে তুমুল ট্রল ও গালিগালাজের শিকার হওয়া হার্দিক পান্ডিয়া এখন ভারতীয় ক্রিকেটের নয়নের মণি। তার ম্যাজিক্যাল ওভারেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ছোট ভাইয়ের এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত ক্রুনাল পান্ডিয়া। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েকটা মাস তার ছোট ভাই কী কঠিন সময়ই না কাটিয়েছেন!

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা ক্ষেপে যান সমর্থকেরা। তা্ই হার্দিক মাঠে নামলেই শোনা যেত দুয়োধ্বনি। রোহিতের সঙ্গে তার দ্বন্দ্বের খবর ছিল মিডিয়ার মুখরোচক বিষয়বস্তু। বাইরের চাপে আইপিএলে ভালো পারফর্ম করতে পারেননি হার্দিক। এ কারণেই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখায় প্রশ্ন ওঠে। এতকিছু হয়ে গেলেও হার্দিক টু শব্দটাও করেননি।

এবার ছোট ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রুনাল লিখলেন, “হার্দিক ও আমার পেশাদার ক্রিকেট খেলা শুরুর প্রায় এক দশক হয়ে গেছে। গত কয়েকটা দিন ছিল রূপকথার মতো, যার স্বপ্ন আমরা দেখেছি। গত ছয় মাস ছিল হার্দিকের জন্য সবচেয়ে কঠিন। যেসবের মধ্য গিয়ে সে গিয়েছে, সেসব তার প্রাপ্য ছিল না। ভাই হিসেবে তার জন্য আমার খুব খারাপ লেগেছে। দুয়ো দেওয়া থেকে শুরু করে মানুষের সব ধরনের বাজে কথা বলা, দিন শেষে আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে, সেও একজন মানুষ, তারও আবেগ আছে। সে হাসিমুখে এই সবকিছুর মধ্য দিয়ে গেছে, যদিও আমি জানি তার পক্ষে তখন হাসি ধরে রাখা কতটা কঠিন ছিল।”

ভারতের হয়ে ৫টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা ক্রুনাল আরও লিখেছেন, “ভারতের দীর্ঘ দিনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে তার হৃদয় দিয়ে খেলেছে। ৬ বছর বয়স থেকেই সে দেশের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, হার্দিক তার ক্যারিয়ারে এত অল্প সময়ের মধ্যে যা করেছে, তা অবিশ্বাস্য। জাতীয় দলের হয়ে তার প্রচেষ্টার কখনও কমতি ছিল না। হার্দিকের জীবনের প্রতিটি পর্যায়ে অনেকেই তার শেষ দেখে ফেলেছিল। কিন্তু এটাই তাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে অনুপ্রাণিত করেছে। বারোদা থেকে আসা অল্প বয়সী একটি ছেলের জন্য তার দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত