জিততে পারেননি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী, এখন কী করবেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস দেশের নেতৃত্ব দেওয়ার দুই বছরের মাথায় পার্লামেন্টে তার আসনটি হারিয়েছেন। বিশ্লেষকদের  মতে, সাবেক প্রধানমন্ত্রী নজিরবিহীন অপমানের শিকার হয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদে বসেন লিজ ট্রাস। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন লিজ।

লিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রীর উপস্থাপন করা খসড়া আর্থিক পরিকল্পনায় পুঁজিবাজারে ধস নামে। বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়েন। যার ফলে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদের প্রধানমন্ত্রীর হওয়ার অনন্য, কিন্তু অপমানজনক রেকর্ডের অধিকারী হন এই আইনপ্রণেতা।

পরাজয়ের সংবাদ শোনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি লিজ ট্রাস। তিনি অন্যান্য নেতাদের সঙ্গে মঞ্চ ছেড়ে যান। এ সময় তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করেন। তবে পরবর্তীতে বিবিসিকে বলেন, 'আমার ধারণা, কনজারভেটিভ দলের পক্ষ থেকে আমরা যে বিষয়টির মুখোমুখি হলাম, তা হলো, জনগণের চাওয়াপাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের নীতিমালা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি।'

এই বিষয়ে তার কোনো দায় আছে কী না, এ প্রশ্নের জবাবে লিজ বলেন, 'আমি স্বীকার করি। আমি এর অংশ ছিলাম। অস্বীকার করার কোনো উপায় নেই।' রাজনীতিতে থাকবেন কী না, এ প্রশ্নের জবাবে লিজ বলেন, 'আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে।'

নরফোক সাউথ ওয়েস্ট আসনে লেবার পার্টির প্রতিদ্বন্দ্বী টেরি জেরমির চেয়ে ৬৩০ ভোট কম পান তিনি। তিনি মোট ১১ হাজার ২১৭ ভোট পান। টেরি পান ১১ হাজার ৮৪৭ ভোট। ২০১৯ সালে নির্বাচিত হওয়ার সময় ২৬ হাজার ভোট পেয়েছিলেন লিজ।

লিজ ট্রাস যে আসন থেকে পরাজিত হয়েছেন, তা 'টোরি দলের' ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। অনেক বিশ্লেষক বলছেন, এরকম নিরাপদ আসন থেকেও তার পরাজয় অবিশ্বাস্য। ১৯৯৭ সালে স্বরাষ্ট্রমন্ত্রী মাইকেল পরটিলোর পরাজয়ের সঙ্গে লিজের নিয়তির তুলনা করছেন তারা।