গিয়েছিল ঘাস কাটতে, পরিবার পেল গলাকাটা

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহাপুর ঘি-ঘাটি গ্রামের মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।

স্থানীয়রা জানায়, আলমগীর হোসেন বিকেলে গ্রামের মাঠে নিজের জমিতে লাগানো ঘাস কাটতে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় আলমগীরের পরিবারের লোকজন মাঠে খোঁজ নিতে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এ হত্যার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।