শিরোপা খরায় ভুগছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিখ্যাত এই ক্লাবটি ক্রিকেট তো বটেই, ফুটবলেও শিরোপার দেখা পাচ্ছিল না। ঠিক এমন এক সময়েই ত্রাতার ভূমিকায় আসেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। ২০১৭ সালে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। কিছুদিনের মধ্যেই গুছিয়ে নেন সবকিছু। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও জোর দেন। শক্তিশালী দল গঠন করেন। এরপর একের পর এক সাফল্য ছিনিয়ে আনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব সাফওয়ান সোবহানের নেতৃত্বে। সামনের দিনগুলোতেও সাফল্যের পথেই ছুটতে চায় এই ক্লাব।
ক্লাব সভাপতি সাফওয়ান সোবহান বলেছেন, ‘দেশের প্রধান ক্রীড়া সংগঠক পরিবারের অন্যতম সদস্য ছিলেন শেখ জামাল। আমাদের ক্লাবটি সেই ক্রীড়া অনুরাগী সংগঠকের নামে। যিনি আবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। এই ক্লাবকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে আমি শুরুর দিন থেকে কাজ করে যাচ্ছি। এজন্য যা যা দরকার সবই করছি।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলার প্রতি আমার ও আমার পরিবারের অনুরাগ নতুন কিছূ নয়। আমি ক্লাবটিকে কেন্দ্র করে সব কিছু পরিকল্পনা মাফিক সাজাচ্ছি। প্রশিক্ষণ, স্থাপনা, পরিকল্পনা, জনসম্পৃক্ততা সবকিছু করছি। আমি জানি আগামী প্রজন্ম ও তরুণদের মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজব্যবস্থা উপহার দিতে স্পোর্টসের কোনো বিকল্প নেই।’
ক্রিকেটে এক সময় একক আধিপত্য বিস্তার করেছিল আবাহনী। ২০১৮-১৯ মৌসুমেই এই ধারণাটা শেষ করে দেয় শেখ জামাল। প্রথমবারের মতো আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয় দলটা। ২০২১-২২ মৌসুমে জেতে ঢাকা প্রিমিয়ার লিগ। দাপুটে মৌসুমটায় দলের হয়ে সর্বোচ্চ ৫১৩ রান করেন ইমরুল কায়েস। পারভেজ রসুলের শিকার ছিল ২৮ উইকেট।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ক্রিকেট খেলে তারকা হয়েছেন অনেকেই। এই ক্লাবের হয়ে প্রায় ৫০ গড়ে রান করেছেন নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিম সফল ছিলেন শেখ জামালের জার্সিতে। সাকিব নিজের ৪ বছরের সেঞ্চুরি খরা কাটিয়েছেন শেখ জামালের হয়েই। ভারতীয় উন্মুক্ত চাঁদ ৫৮ গড়ে রান করে গেছেন ২০১৮ সালে। মৃত্যুঞ্জয় চৌধুরী, তাওহীদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা আলো ছড়িয়েছে এই ক্লাবের জার্সিতেই।
বাংলাদেশের আরও এক প্রথমের সঙ্গে জড়িয়ে থাকবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৮ লিগ। ২০২২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো দলগুলোকে পেছনে ফেলে ট্রফি জয় করে শেখ জামাল। আগামীর তপু বর্মন, জামাল ভূইয়ারা স্বপ্নের পথে এগিয়ে চলার প্রথম সিড়িটা পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবেই।
পেশাদার লিগেও শক্তিশালী দল গঠন করে তাক লাগিয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০১৭-১৮ মৌসুমে রানার্সআপ হয় দলটা। ২০২০-২১ মৌসুমে ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় দলটা। কিছুদিন আগে প্রথম বারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ৫ জন শেখ জামালের ফুটবলার।
ক্রিকেট ও ফুটবলের এসব সাফল্যই শুধু নয়, ভবিষ্যৎ সাফল্যের পথেও দলটাকে এগিয়ে দিচ্ছেন সাফওয়ান সোবহান। দলটির জন্য তৈরি করে দিচ্ছেন ফুটবল মাঠ। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত স্পোর্টস কমপ্লেক্সের পাশেই হতে যাচ্ছে এই ফুটবল মাঠ। বসুন্ধরা কিংসের পর এই প্রথম দেশের অন্য একটি ক্লাবের হতে যাচ্ছে এমন নিজস্ব একটি ফুটবল গ্রাউন্ড। শুধু চোখ ধাঁধানো মাঠই না, এখানে থাকবে খেলোয়াড়দের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা। ব্যবহৃত হবে নানা ধরনের আধুনিক প্রযুক্তি। এছাড়া এই অ্যাকাডেমির ক্রিকেটাররা ইতিমধ্যেই স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে নিচ্ছেন ক্রিকেটের প্রস্তুতি।
কংক্রিটের এই নগরীতে একটা খোলা মাঠ, যেখানে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়ানো যায়, খেলা ও শেখা যায় ক্রিকেট-ফুটবল। এমন কিছুর জন্য কত আক্ষেপ রাজধানীর শিশু-কিশোরদের। সোনার হরিণে যেন পরিণত হয়েছে তা। শিশু-কিশোরদের খেলাধুলার চর্চার প্রতি ভালোবাসার কমতি নেই। তবে, ব্যতিক্রম রাজধানীর অন্যতম আবাসিক এলাকা ধানমন্ডি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অ্যাকাডেমি পূরণ করেছে এই এলাকার অভাব। ভবিষ্যতের সাকিব-রিয়াদ-জামাল-তপুরা তৈরি হচ্ছেন এই ক্লাবের অ্যাকাডেমিতে। কোচ হিসেবে যেখানে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরীয়ার নাফিস। সম্প্রতি শুরু হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম। ৬ থেকে ১২ ও ১২ থেকে ১৬ এই দুই বয়সের ক্যাটাগরিতে আগামীর স্বপ্ন বুনছে প্রায় ১০০ জন শিশু-কিশোর।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ফুটবল ও ক্রিকেট অ্যাকাডেমি ছাড়াও তৈরি করা হয়েছে জিম, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট। আছে ইনডোর সুবিধাও। দুটো টেনিস কোর্ট আছে পাশাপাশি। টেনিসের নানা ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেন এই ক্লাবের প্রতিযোগীরা। বাস্কেটবল কোর্টে দারুণ সময় কাটে শহুরে মানুষের। দিন গড়িয়ে সন্ধ্যা এলেই ফ্লাডলাইট জ্বলে ওঠে। আলোয় রঙিন হয়ে যায় বাস্কেটবল কোর্ট। সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে এই আবাসিক এলাকার মানুষের কাছে কোর্টে কাটানো এই সময়টাই যেন প্রশান্তি এনে দেয়। ইট-কাঠের জঞ্জালের এই বদ্ধ শহরে, এমন সুযোগ আর কোথায় মেলে?
ভবিষ্যতে পুরো একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে ক্লাবের। আগের চেয়ে সবদিক দিয়েই বড় হচ্ছে ক্লাবের পরিসর। স্বপ্নপূরণের এই পথে আরও এক ধাপ এগিয়ে দেবে এক পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স। আউটডোর স্পোর্টস টেনিস, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট তো ছিল আগে থেকেই। ইনডোরে বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার, পুল, টেবিল টেনিসসহ থাকবে আরও অনেক কিছু। থাকছে লাইব্রেরি। একটা ক্লাবে যা দরকার, সবই থাকছে কিংবা তারচেয়েও বেশি। ক্লাবের চেয়েও বেশি বলে কথা, একটু বেশি-বেশি না থাকলে চলে।