‘শেষ’ ভালো হলো না রোনালদোর

ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে ফ্রান্সের কাছে হেরেছে পর্তুগাল। ম্যাচ শেষে পরস্পর সান্ত্বনা দেওয়ার পালা চলছিল। ৪১ বছর বয়সী ডিফেন্ডার পেপে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, এক পর্যায়ে তার আশ্রয় হলো ৩৯ বছরের ক্রিশ্চিয়ানো রোনালদোর বুকে। ইউরোতে পর্তুগালের বিদায়ের পর অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি শেষবার পর্তুগালের জার্সিতে দেখা মিলল রোনালদো-পেপের।

শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন রোনালদো। তখন তাকে আগলে রাখার চেষ্টা করেছিলেন পেপে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল শেষে দেখা মিলল উল্টো চিত্র। রোনালদো এর আগে জানিয়েছেন, এটি তার শেষ ইউরো। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে স্পষ্ট কিছু জানাননি। ম্যাচ শেষে রোনালদো প্রসঙ্গে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘এই ব্যাপারে (রোনালদোর শেষ ম্যাচ কিনা) কথা বলার জন্য এটি খুবই তাড়াহুড়ো হয়ে যায়। মাত্রই ম্যাচ শেষ হয়েছে। কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত হয়নি এখনো।’

ইউরোয় নিজের শেষ ম্যাচটা তেমন ভালো করতে পারেননি রোনালদো। পুরো ম্যাচে গোলের দারুণ কিছু সুযোগ পান অভিজ্ঞ ফরোয়ার্ড রোনালদো। কিন্তু গোল করতে পারেননি। পুরো আসরে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেননি ইউরোর রেকর্ড গোলদাতা। ইউরোতে তার নামের পাশে মোট ১৪ গোল। ইউরোয় ১০ গোলই নেই আর কারও।

ম্যাচের পর পেপে বলেন, ‘এসব (রোনালদো কী বলল) আমি প্রকাশ্যে বলব না। এতটুকু বলতে পারি, আমরা এটা গভীরভাবে অনুভব করছি...লোকে যেমনই ভাবুক, আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ম্যাচ জিততে না পারার হতাশা অনুভব করছি, আরও সামনে এগোনোর মতো মান আমাদের থাকলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় আসর থেকে এত দ্রুত বিদায় নিচ্ছি... এই হতাশা আমাদের পোড়াচ্ছে।’