প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসেই চমক দেখাল কানাডা। উঠে গেল সেমিফাইনালে। আর্জেন্টিনার গ্রুপে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। আরেক গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠে গেছে, যেখানে তারা খেলবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে।
আগের দিন ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচের মতো ভেনেজুয়েলা-কানাডা ম্যাচেও নির্ধারিত ৯০ মিনিটে ফল আসেনি। ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। তাদের আগে ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার সর্বশেষ নজির গড়েছিল হন্ডুরাস।
টেক্সাসে দুদলই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। শুরুর দিকে অবশ্য ভেনেজুয়েলার চেয়ে কানাডার দাপটই ছিল বেশি, যে দাপটে ম্যাচের প্রথম গোলটাও করে তারাই। ১৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে গোল করেন মেজর লিগ সকারে নাশভিলের ফরোয়ার্ড জ্যাকভ শাফেলবার্গ।
গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত সালোমন রনডনের বুদ্ধিদীপ্ত এক শটে কাক্সিক্ষত গোলটি পেয়ে সমতা ফেরায় ভেনেজুয়েলা। ম্যাচের ৬৪ মিনিটে কানাডার এক কর্নারকে প্রতি-আক্রমণে রূপ দেয় ভেনেজুয়েলা। জন আর্মবুরুর কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ বক্স বরাবর ছুটতে শুরু করেন রনডন। কিছুদূর এগিয়েই তিনি লক্ষ করেন, কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপিয়াউ অনেকটাই সামনে এগিয়ে এসেছেন। সুযোগ বুঝতে পেরে আর সামনে না এগিয়ে ৩৫ গজ দূর থেকেই শট নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার।
নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকার-ভাগ্যে, যেখানে বাজিমাত করে কানাডা। এখন ফাইনালে যাওয়ার লড়াইয়ে ১০ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ নিয়ে কানাডার কোচ জেসে মার্শ বলেছেন, ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম ম্যাচের ভুল শুধরে জিততে চান তারা। ‘সেমিফাইনালে আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমি খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সেরা খেলাটি খেলতে হবে এবং সেটাও হয়তো যথেষ্ট হবে না! তবে আমরা জীবন দিয়ে খেলতে চাই। আমরা ইতিবাচক থাকব। আক্রমণাত্মক থাকব। জড়সড় হয়ে শুধু রক্ষণ আগলে পড়ে থাকব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব। তারপর দেখি এটা (জয়ের ধারা) ধরে রাখতে পারে কিনা।’