কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে উরুগুয়ে নিজেদের প্রথম শটে বল জালে পাঠায়। শটটি নেন রিয়াল মাদ্রিদে খেলা ভালভার্দে। ব্রাজিলের প্রথম শটটি নিতে আসেন এদের মিলিতাও। উরুগুয়ে গোলকিপার নিজের বাঁদিকে ঝাপিয়ে শটটি ঠেকিয়ে দেন। দ্বিতীয় শটে উরুগুয়ের বেনতাকুর এবং ব্রাজিলের পেরেইরা বল জালে পাঠান।
রগুয়ের তৃতীয় শটে বল জালে জড়ান জর্জিয়ান দি আরাসকায়েতা। ব্রাজিলের তৃতীয় শটটি নেন ডগলাস লুইজ। তিনি শট মারেন গোলকিপারের ডানদিকে। সেটি লাগে পোস্টে।
তবে এরপর উরুগয়ের হোসে মারিয়ার শটটি ঠেকিয়ে দেন ব্রাজিল গোলকিপার অ্যালিসন বেকার। এরপর মার্তিনেল্লি বল জালে পাঠালে ৩-২ হয়।
ম্যানুয়েল উগার্তে পঞ্চম শঠে বল জালে পাঠালে জয়ের আনন্দে মাতে উরুগুয়ে। দরিভালের ব্রাজিলের কোপা আমেরিকা যাত্রা থামে কোয়ার্টার ফাইনালেই। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে উরুগুয়ে।
তার আগে ম্যাচের ৭৪ মিনিটে মিডফিল্ডার নান্দেজ লাল কার্ড দেখায় উরুগুইয়ানরা দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় দরিভালের ব্রাজিল। ১০ জনের উরুগুয়ে বাকি সময় ঠেকিয়ে রাখে ব্রাজিলকে। পুরো ম্যাচে উরুগুয়ের মাত্র একটি শট গোলের লক্ষ্যে যায়। ব্রাজিলের লক্ষ্যে যায় তিনটি শট।
টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপেও ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে টাইব্রকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল।
বিশ্বকাপের পর দরিভাল জুনিয়র অল্প সময়ে সেলেসাওদের গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে দুর্বলতা রয়েই গেছে। দুই হলুদ কার্ডে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না ভিনিসিউস জুনিয়র। শুরু থেকে খেলেছেন এনদ্রিক। তবে এই তরুণও এদিন ব্যর্থ হন।
গোল না পেলেও ম্যাচ চলাকালে দরিভাল-বিয়েলসার শিষ্যরা তখনও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে।
সেমিফাইনালে উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। অপর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৫-০ গোলে হারিয়েছে পানামাকে। কলম্বিয়ার হয়ে গোল করেন কর্দোবা, হামেশ রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ড রিওস ও মিগুয়েল বোর্জা।