পিকফোর্ড বীরত্বে সেমিতে ইংল্যান্ড

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:০৩ এএম

শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলের মান বাঁচালেন বুকায়ো সাকা। গোল খেয়ে পিছিয়ে পড়ে ৯০ মিনিটের মধ্যে কোনো রকমে সমতা ফেরাল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে গেল খেলা। সেখানেও সুইজারল্যান্ডের দাপট। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। সুইসদের হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড।

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় শেষ করে দুইদল। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোনো দলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলের দেখা না পেলে খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে সুইজারল্যান্ডের প্রথম শট নিতে আসা মানুয়েল অকাঞ্জির শট ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্দান পিকফোর্ড। ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ই বল লক্ষ্যে পাঠাতে সমর্থ হন।

নির্ধারিত সময়ের ৭৫ মিনিটে ব্রেল এমবোলোর গোলে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু পাঁচ মিনিট পরেই ইংল্যান্ডকে সমতায় ফেরান বুকায়ো সাকা।

ইউরোর গত আসরের ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের। এবার কোয়ার্টার ফাইনালে সেই টাইব্রেকারেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত