টেনিসে চার বছরে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ইঘা সোয়াতেক। ২০২৪ উইম্বলডনে নারী এককে শীর্ষ বাছাইও তিনি। তবে উইম্বলডন এবারও ভালো কাটলো না সোয়াতেকের।
তৃতীয় রাউন্ডেই কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভার কাছে হেরে বিদায় নিয়েছেন। পুতিনসেভা ৩-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন সোয়াতেককে।
উইম্বলডনে সোয়াতেকের সেরা সাফল্য ২০২৩ সালে কোয়ার্টার ফাইনালে খেলা।
পুতিনসেভা বলেন, 'দারুণ অনুভূতি। আমি দ্রুত খেলায় মনোযোগ দিয়েছিলাম। তাকে (সোয়াতেক) সময় দিতে চাইছিলাম না। পরিকল্পনা সফল হয়েছে।'
৩৫তম র্যাঙ্কিংয়ে থাকা পুতিনসেভার বিপক্ষে এর আগে চারবারের দেখায় জিতেছিলেন সোয়াতেক। পঞ্চমবারে জয় পেলেন রাশিয়ায় জন্ম নেওয়া কাজাখস্তানের টেনিস তারকা পুতিনসেভা।
পুরুষ এককে চতুর্থ রাউন্ডে (শেষ ষোলো) উঠেছেন নোভাক জকোভিচ। তৃতীয় রাউন্ডে জকোভিচ ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে হারান অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পোপেরিনকে।
এ নিয়ে ১৬তম বার উইম্বলডের চতুর্থ রাউন্ডে উঠলেন জকোভিচ। দ্বিতীয় বাছাই জকোভিচ শেষ ষোলোতে খেলবেন ১৫তম বাছাই ডেনমার্কের হলগার রুনের বিপক্ষে।