মারা গেলেন টাইটানিকের অস্কার জয়ী প্রযোজক জন ল্যান্ডৌ

মারা গেছেন অস্কার জয়ী প্রযোজক জন ল্যান্ডৌ। ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল শুক্রবার (৫ জুলাই) মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

টাইটানিক, অ্যাভাটার এর মতো বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রগুলোর প্রযোজক জন ল্যান্ডৌ। এছাড়া চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের দীর্ঘদিনের প্রযোজনা অংশীদারও ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ করেছেন জনের বোন টিনা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিনা জনকে "একটি মেয়ের স্বপ্নের সেরা ভাই" বলে অভিহিত করেন।

বিবিসি জানায়, জন ল্যান্ডৌ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডৌ এর সন্তান। তিনি কিছু সময়ের জন্য টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্য লাস্ট অফ দ্য মোহিকানস এবং ডাই হার্ড-২ সহ বেশকিছু চলচ্চিত্রের তত্ত্বাবধান করেছেন জন।

১৯৯৭ সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনকে টাইটানিক ছবিটি তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি। পরবর্তীতে যা বিশ্বজুড়ে বক্স অফিসে হিট করে এবং আয় ১০০ কোটি ডলার অতিক্রম করে।

পরবর্তীতে তার প্রযোজনায় ২০০৯ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার এবং এর সিক্যুয়েল অ্যাভাটার: দ্যা ওয়ে অফ ওয়াটার টাইটানিকের করা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

এছাড়া হানি, আই শ্রাঙ্ক দ্য কিডস এবং ডিক ট্রেসিসহ অন্যান্য হিট চলচ্চিত্রে সহ-প্রযোজক ছিলেন জন তিনি। 

জন ল্যান্ডৌ এর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। তিনি সাংবাদিকদের বলেন, "একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন"।

এছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছে পরিচালক পিটার জ্যাকসন, চিত্রনাট্যকার ফ্রাঁ ওয়ালশ, অভিনেত্রী জো সালদানা প্রমূখ।