কলকাতায় হারানো আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার

তিনমাস আগে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক নারীর হারানো আইফোন চট্টগ্রাম নগরের জলসা মার্কেট থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম)। গত শনিবার (৬ জুলাই) ফোনটি উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ওই নারীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল আইফোন হারানোর ঘটনায় দ্বিপান্বিতা সরকার নামের ওই নারী কলকাতার মহেশতলা থানায় একটি ডায়েরি করেন। মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, দ্বিপান্বিতা সরকারের আইফোনটি ভারত থেকে চোরাই পথে চলে আসে চট্টগ্রাম শহরে।

সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, আইফোনটি হারানোর কিছুদিন পর বাদীর (দ্বিপান্বিতা সরকার) কাছে একটি ই-মেইল যায়। এতে বলা হয়, হারানো আইফোনটি চট্টগ্রাম শহরে চালু হয়েছে।

এরপর সিএমপির অফিশিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করেন দ্বিপান্বিতা সরকার। সঙ্গে জিডির কপি ও আইফোনটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপির জনসংযোগ শাখা থেকে আইফোনটি উদ্ধারে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, আইফোনটিতে উদ্ধারে নানা কৌশলে কাজ শুরু করে ডিবি। ভারত থেকে চোরাই মোবাইল চট্টগ্রামে বিক্রি করে- এমন চারজনকে শনাক্ত করে ডিবি।

‘চোরাই মোবাইল সিন্ডিকেটের হোতাকে টার্গেট করে অভিযান পরিকল্পনা করতে থাকলে সে বিষয়টি বুঝতে পেরে একজন ব্যবসায়ীর মাধ্যমে গত শনিবার (৬ জুলাই) আইফোনটি আমার কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যায়’ বলেন এসআই রবিউল ইসলাম।