কোটাবিরোধী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলনের নানা দিক এবং করনীয় নিয়ে আলোচনা হয়েছে সরকারের পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে। আন্দোলনের গতিবিধি ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকে। এখনো আদালতের দিকেই তাকিয়ে আছে সরকার। দুই আন্দোলনই আপাতত আরও পর্যবেক্ষণ করবে সরকার।
আজ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা। বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।
এতে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রী থাকায় চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
বৈঠক সূত্র জানায়, আন্দোলন নতুন করে দানা বাধা, আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া, একইসময়ে শিক্ষকদের আন্দোলনও হওয়া এ বিষয়গুলো আলোচনায় আসে। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণে ও পর্যালোচনায় রয়েছে তারা দাবি করে বৈঠকে উপস্থিত দুই জন। সর্বশেষ কোন দিকে যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এ নিয়ে বৈঠকে অংশ নেওয়া কেউ কোনও কথা বলেননি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে দলের দপ্তরের কক্ষে এই বৈঠকে বসেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত।
বৈঠকে আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো আলোচনা করেছি, আসলে সেগুলো নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনার করার মতো বিষয় না।
কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে, আমরা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। সেটা আদালতের বিষয়। আদালত থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে। আমাদের অবস্থান হচ্ছে, যেহেতু আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সে বিষয়ে আমরা মন্তব্য করব না। অপেক্ষা করতে হবে। সরকার তো আপিল করেছে। সুতরাং আমি এ বিষয়ে মন্তব্য করব না।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে জানতে চাইলে সাংবাদিকেদের তিনি বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক, সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে, এটা রুটিন একটা বিষয়।
কোটা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচলা হয়েছে। নির্দিষ্ট একটা বা দুইটা বিষয় নিয়ে নয়। সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ আজকের বসার বিষয়টা আপনারা জেনেছেন, এই বসাটা নিয়মিত। একটা আমরা নিয়মিত বসি। বিভিন্ন জায়গায় বসা হয়৷