হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩ ঘণ্টা ধরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে জামালপুরগামী জামালপুর ৪৭ আপ কমিউটার ট্রেনটি। ট্রেনের ইঞ্জিন আচমকা অকেজো হয়ে পড়লে ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে সহসায় গন্তব্যে পৌঁছাতে পারছেন না ট্রেনে থাকা যাত্রীরা। তবে এ পথে অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেন স্টেশন মাস্টার।

আজ সোমবার (৮ জুলাই) বিকাল ৫টার দিকে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি থেমে পড়ে স্টেশনে। এতে এ ট্রেনের নারী পুরুষ শিশুসহ নানা বয়সের যাত্রীরা ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ পোহাতে থাকেন। এ দিকে রাত পৌনে আটটার দিকে উদ্ধারের কাজে নিয়োজিত রিলিফ ট্রেনের জন্য অপেক্ষা করছিল কতৃর্পক্ষ।

ট্রেনের যাত্রীরা জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে আসে। পরে বিকালে শ্রীপুর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে যাত্রা বিরতি করে। পরে ট্রেন ছাড়ার সময় টের পাওয়া যায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এ সময় নানাভাবে ট্রেনের ইঞ্জিন চালু করার চেষ্টা করে। কিন্তু এক সময় তা আর সম্বব হয়ে উঠেনি।

যাত্রী আহসান হাবিব জানান, যাত্রা বিরতির পর ট্রেন চালু করতে গেলে ইঞ্জিনে ত্রুটি ধরা পরে। বারবার চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি। শুনেছি ঢাকা থেকে উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আসছে। তবে গরমে ট্রেনের যাত্রীরা চরম কষ্ট আর দুর্ভোগে পড়েছেন বলেও তিনি জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বিকেলে স্টেশন ছাড়ার সময় টের পাওয়া যায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বিকল ট্রেন উদ্ধারে আমরা রিলিফ ইঞ্জিন খবর দিয়েছি। রিলিফ ট্রেন রওনা করেছে। সেটি আসলে উদ্ধার কাজ শেষে ট্রেনটি তার গন্তব্যে রওনা করবে। তবে এ পথে অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এক নম্বর লাইনে বিকল ট্রেন আটকা পড়েছে আছে। অপরদিকে ২ নম্বর লাইন সচল রয়েছে। অন্যান্যা ট্রেন চলাচল করছে নিবিঘ্নে।