টেস্ট দল কমিয়ে ছয়-সাতে আনার প্রস্তাব শাস্ত্রীর

টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ক্রিকেটবোদ্ধারা প্রায়ই নিজের মতামত জানান। ক্রিকেটের বনেদি ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে অনেকেই অনেকরকম পরামর্শ দেন। এখন পর্যন্ত ১২টি দল টেস্ট খেলে থাকে। কিন্তু ওপরের দিকের দলগুলোর সঙ্গে নিচের দলগুলোর শক্তির পার্থক্য এতটাই বেশি যে- মুখোমুখি লড়াইয়ে তারা চ্যালেঞ্জ জানাতে পারে না। এই সমস্যার একটা সমাধান বের করেছেন রবি শাস্ত্রী।

বড় দলগুলোর মধ্যকার টেস্ট ম্যাচগুলো বেশ রোমাঞ্চকর হয়। অনেক দর্শকও থাকে গ্যালারিতে। তাই টেস্ট মর্যাদাসম্পন্ন দলের সংখ্যা ছয়-সাতে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শাস্ত্রী। একইসঙ্গে তিনি করেন প্রতিদ্বন্দ্বিতার আবহ আনতে উত্তরণ ও অবনমনও চালু করার প্রস্তাবও দিয়েছেন। তার মতে, এমনটা করলে দর্শক টেস্ট ক্রিকেট আগ্রহ ফিরে পাবে এবং দলগুলোর মান বাড়বে।

লর্ডসে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব আয়োজিত বিশ্ব ক্রিকেট সংযোগ অনুষ্ঠানে শাস্ত্রী বলেছেন, “আপনার যখন মান থাকবে না তখন রেটিং পড়ে যাবে। খুব অল্প মানুষই দেখে, একদম অর্থহীন ক্রিকেট হয় অনেক সময়। এখন আপনার ১২টি টেস্ট দল আছে। এটাকে ছয়-সাত দলে নামিয়ে আনুন। উত্তরণ ও অবনমনের ব্যবস্থা চালু করুন। আপনার দুইটা স্তর থাকতে পারে। কিন্তু সেরা ছয় দল টেস্টের আবেদন ধরে রাখবে।”

১২ দলের টেস্ট মর্যাদা থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে ৯টি দল। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সেভাবে টেস্ট খেলার সুযোগই পাচ্ছে না। তাছাড়া অনেকদিন ধরেই ক্রিকেটের বিস্তার ঘটাতে এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা হচ্ছে। ভারতের সাবেক এই ক্রিকেটারের পরামর্শ, ক্রিকেট ছড়িয়ে দেওয়া হোক টি-টুয়েন্টির মাধ্যমে। তার ভাষায়, “আপনি অন্য সংস্করণের মাধ্যমে খেলাটির বিস্তার ঘটাতে পারেন। যেমন টি-টোয়েন্টি।”