টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। দল হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন। সেই জসপ্রিত বুমরাহকেই জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বেছে নিল আইসিসি। মেয়েদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন ভারতেরই আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন সতীর্থ রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে। অন্যদিকে ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নেকে পেছনে ফেলে সেরা হয়েছেন মান্ধানা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ। ডানহাতি এই পেসার মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় নেন ১৫ উইকেট। বারবাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিং করেন বুমরাহ। রোমাঞ্চকর ম্যাচে মাত্র ১৮ রানে ২ শিকার ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
অন্যদিকে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি হাঁকান স্মৃতি মান্ধানা। তার ইনিংসদুটি ছিল ১১৭ আর ১৩৬ রানের। আরেকটিতে ৯০ রানে আউট না হলে সেঞ্চুরির হ্যাটট্রিকই হয়ে যেত তার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে খেলেন ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস।