পাঁচ বছর পর রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। তবে তার এই সফরে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।
স্থানীয় সময় সোমবার দুই দিনের সফরে তিনি মস্কোয় পৌঁছান। মস্কোতে নামার পর নরেন্দ্র মোদিকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন তারা। সোমবার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, এই দুই নেতা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন, চা খাচ্ছেন, বৈদ্যুতিক গাড়ি চালাচ্ছেন ও ঘোড়ার শো দেখছেন।
এদিকে পুতিনের বাসভবনে মোদি যেদিন বৈঠক করেছেন সেদিন ইউক্রেনের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হয় অন্তত ৪১ ইউক্রেনীয় ও আহত হন ১৯০ জন।
এসব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় জেলেনস্কি বলেছেন, বিশ্বের একজন শীর্ষ অপরাধীর সঙ্গে সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক দেশের নেতা আলিঙ্গন করছেন, এটি একদিকে যেমন হতাশাজনক তেমনি শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে বড় ধাক্কা।
তিনি বলেন, মস্কোতে ভারতীয় প্রবাসীদের সামনে দেওয়া ভাষণে মোদি ইউক্রেনে হামলার বিষয়ে কোনো কথা বলেননি। কিন্তু দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। তাছাড়া মোদি রাশিয়ায় আরও দুইটি কনস্যুলেট চালুরও ঘোষণা দিয়েছেন।