আ. লীগ ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি রসাতলে যাবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের সরকারে পরিণত হয়েছে। তারা মানুষকে কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

আজ বুধবার বিকেলে নয়াপল্টনে ভাসানী ভবনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের গণতন্ত্র, অর্থনীতি রসাতলে যাবে। দেশের অর্থনীতি, গণতন্ত্রের জন্য আওয়ামী লীগকে আর একদিনও ক্ষমতায় থাকা উচিত নয়। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের আন্দোলনকে আরো বেগবান করা, ত্বরান্বিত করা। তাহলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। দেশের অর্থনীতি, গণতন্ত্রের জন্য আওয়ামী লীগকে সরাতে পারলে দেশের সকল কিছু মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের আন্দোলনকে আরো বেগবান করে এগিয়ে নিয়ে যেতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের মুক্তি মিলবে না। আমরা আন্দোলনে বিশ্বাসী পরাধীনতা নয়।

উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম বলেন, শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি বিদায় ঘটনা যাবে বাংলাদেশ তত তাড়াতাড়ি মুক্তি পাবে। বাংলাদেশকে আধিপত্যের ছোবল হতে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।