ফেসবুকে মেয়ের সঙ্গে পরিচয়, মনোমালিন্য হয়ে যুবকের আত্মহত্যা 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৮:২৮ পিএম

খুলনার কয়রা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আসাদুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ জুলাই) খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম উপজেলার ওই ইউনিয়নের খোঁড়ল কাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের একাদশ বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত এবং মঙ্গলবার ভোরে আসাদুলের ভাইয়ের স্ত্রী মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকেন। ঘরে না পেয়ে পাশে একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে উদ্ধার করে। সে সময় পাশে থাকা মোবাইল ফোনটি ঠিক তার দিকে সোজাসোজি ফেরানো ছিল।

আসাদুলের বন্ধুরা জানায়, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সাথে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ফোনে কথা বলতো, ভিডিও কল, চ্যাটও করত। মাঝে মাঝে তাদের ভেতর মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল। প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে তারা মন্তব্য করেন।

কয়রা থানার এসআই মো. ইব্রাহিম শেখ জানান, মোবাইল যেভাবে ছিল তাতে ধারণা করা হচ্ছে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়েছে। গ্রামের লোকজনও সেই কথা বলছে। তবে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত