কিংসের নতুন কোচ তিতা বললেন

'নিয়তি আমাকে বাংলাদেশে টেনে আনছে'

বসুন্ধরা কিংসের দায়িত্ব নিতে অতি শিগগিরই ঢাকা আসবেন রোমানিয়ার কোচ ভ্যালেরিউ তিতা। ৫৮ বছরের এই কোচকে চূড়ান্ত করার খবরটা মঙ্গলবার নিশ্চিত করেছেন ক্লাবটির কর্তারা। কোচ এখন অপেক্ষায় ঢাকায় আসার বিমান টিকিটের। তার আগে দেশ রূপান্তরের সুদীপ্ত আনন্দ'র সঙ্গে ফোনে কথা হলো সিরিয়া জাতীয় দলের সাবেক এই কোচের। জানালেন নিজের লক্ষ্যে কথা-

প্রশ্ন: নতুন চুক্তির জন্য আপনাকে অভিনন্দন
ভ্যালেরিউ তিতা: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। একই সঙ্গে বসুন্ধরা কিংসের হয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি।

প্রশ্ন: ক্যারিয়ার বেশিরভাগ সময় জুড়ে আপনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ক্লাবে কাজ করেছেন। এখন কেন দক্ষিণ এশিয়ার একটা ক্লাব বেঁছে নিলেন?
ভ্যালেরিউ তিতা: আসলে নিয়তিই আমাকে বাংলাদেশে টেনে আনছে। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা চ্যালেঞ্জ। বিশেষ করে ক্লাবটিকে এএফসির টুর্নামেন্টে সাফল্যে পাইয়ে দিতে কাজ করতে চাই।

প্রশ্ন: বসুন্ধরা কিংস বাংলাদেশের গত কয়েক মৌসুমের সবচেয়ে সফল দল। ঘরোয়া সব শিরোপাই একাধিকবার জেতা হয়ে গেছে। তবে আন্তর্জাতিক সাফল্য অধরাই থেকে গেছে। আপনি নিশ্চয় তাদেরকে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে সহায়তা করবেন।

ভ্যালেরিউ তিতা: অবশ্যই আমি আমার সেরা চেষ্টাটা করবো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। সেটা ঘরোয়া ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক মঞ্চে।

প্রশ্ন: ইন্টারনেট ঘেটে দেখা গেছে আপনি ৪-৩-২-১ ফরম্যাশনটা ভীষণ পছন্দ করেন। আপনার কোচিং দর্শণ সম্পর্কে আরও একটু বলবেন কী?
ভ্যালেরিউ তিতা: দেখুন, আমার পছন্দের ফরম্যাটেই যে সবসময় খেলতে হবে সেটা নয়। খেলার ফরম্যাট কিংবা সিস্টেমটা নির্ভর করে আপনার কাছে কেমন ফুটবলার আছে এবং তাদের সামথ্যে কী- তার ওপর। আসলে ফরম্যাশনটা আপনিতেই তৈরী হয়ে যায়।

প্রশ্ন: আগের কোচ বিদায়ের পর থেকেই বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও সমর্থকরা অধির আগ্রহে অপেক্ষা করছিল তাদের ভবিষ্যত বস কে হবেন তা জানতে। শেষ পর্যন্ত জানা হয়ে গেছে। খেলোয়াড় ও সমর্থকদের প্রতি বিশেষ কোন বার্তা কী থাকবে?
ভ্যালেরিউ তিতা: আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- হ্যালো খেলোয়াড় এবং সমর্থকবৃন্দ্য, আমার বিশ্বাস আমরা সবাই মিলে ভীষণ দারুণ দীর্ঘ একটা সময় কাটাবো এবং অনেক অনেক উপভোগ করবো। সবাইকে আমার আগাম শুভেচ্ছা। 

প্রশ্ন: আপনার সঙ্গে সামনাসামনি দেখা করার অপেক্ষায় রইলাম।
ভ্যালেরিউ তিতা: আমিও। আর আমাকে নিশ্চয় সাহায্য করবেন। যেটা ভীষণ জরুরী। কারণ বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমি খুব বেশি জানি না। আশা করছি আপনারা আমাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করবেন।