আটপাড়ায় এসএসসিতে ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা 

নেত্রকোণার আটপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করে জান্নাতুন্নেসা সোনামণি (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বানিয়াজান ইউনিয়নের মহিশপুর গ্রামের নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

সোনামণি মহিশপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও বানিয়াজান সিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

শিক্ষার্থীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনামণি বানিয়াজান সিটি উচ্চ বিদ্যালয় থেকে গত সেশনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এলাকায় এবং স্কুলে সবার কাছে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল সে। কিন্তু গণিত পরীক্ষার দিন শারীরিকভাবে অসুস্থ থাকায় পরীক্ষা ভালোভাবে দিতে পারেননি। পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এরপর আত্মীয়-স্বজন সবার আড়ালেই চলে যায় সোনামণি। দুশ্চিন্তা আর একাকীত্বে আত্মহত্যা করে সে। 

সোনামনির বাবা জামাল উদ্দিন বলেন, আমার মেয়েকে ছোট থেকে মেধাবী হিসেবে সবাই জানে। কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার সময় গণিত পরীক্ষার দিন শারীরিকভাবে অসুস্থ ছিল। এ কারণে পরীক্ষা খারাপ হয়। ফলাফল প্রকাশ হলে অকৃতকার্য হয় এবং গণিত পরীক্ষায় ফেল করে। মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়ার পর তার ঘরে চলে যায় সে। সন্ধ্যার আগে তার মা ঘরে গিয়ে দেখেন সোনামণি ঝুলে আছে। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সোনামণি নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।