যুক্তরাজ্যের নতুন সরকারে দায়িত্ব পেলেন টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন।
টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ মন্ত্রিসভায় দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হলো।
মঙ্গলবার (৫ জুলাই) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর নাম রয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টার’ হন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তিনি।
রুশনারা অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।