আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি৷
ওবায়দুল কাদের বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থাগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয়, এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা আদালতের নির্দেশ মেনে ফিরে গেল কিনা, তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কি করা হবে, এখনই এসব বলা সমীচীন হবে না, ভাবছি না।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে তিনি বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান সড়ক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ। এ ছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।