আর মাত্র একটি ম্যাচ- তারপরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে। গত বছরই তিনি এই ঘোষণা দিয়ে রেখেছিলেন। কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার ফাইনালই হতে যাচ্ছে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার আগে সংবাদমাধ্যমের সামনে আবেগে ভাসলেন এই বিশ্বকাপজয়ী তারকা।
বুধবার সেমির লড়াই শেষে মিক্সড জোনে ডি মারিয়া সাংবাদিকদের বলেন, “১৪ জুলাই (বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ জুলাই ফাইনাল) যা–ই ঘটুক, আশা করি, মাথা উঁচু রেখে বিদায় নিতে পারব। মাথা উঁচু রেখে বিদায় নিতে যা যা করা সম্ভব, সবই করেছি। নিজেকে নিংড়ে দিয়েছি। এই জার্সির জন্য নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, সময় কখনো কখনো আমার পক্ষে ছিল না। তবে শেষ দিকে এসে এটা শুরু হয়েছে।”
এরপরই ৩৬ বছর বয়সী ডি মারিয়া বলেন, “যারা আমাকে সমর্থন দিয়েছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার পরিবারের প্রতি এবং এই দলটার প্রতিও (কৃতজ্ঞ), যারা আমাকে সবকিছু দিয়েছে। আজ (কানাডা ম্যাচের আগে) মাঠে নামার আগে লিও (মেসি) বলেছে, তারা আমার জন্য ফাইনালে উঠতে চায়। হৃদয়টা গর্বে ভরে গেছে। শেষ সময়ে তাদের (জাতীয় দলের সতীর্থ) সঙ্গে যা কিছু জিতেছি, সবই আমার গর্বের উৎস।”
ডি মারিয়া আরও জানান, অবসরের সিদ্ধান্ত পাল্টানোর কোনো সম্ভাবনা নেই, “জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে এখনো প্রস্তুত নই। তবে এটাই সময়। যেভাবে শেষ করার স্বপ্ন দেখেছি, সেটাই হচ্ছে—আরেকটি ফাইনালে পৌঁছেছি। আমার সতীর্থরা জানে, সিদ্ধান্ত পাল্টাব না। ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে। তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। এখন আর একটি ম্যাচই বাকি আছে। এই জার্সির জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং আমার মনে হয়, বিদায় বলার এটাই সেরা সময়।”
অ্যান্ডারসনের শেষের দিনে শুরু মিকাইল-স্মিথ-অ্যাটকিনসনের
পাপনের কাছে সব অস্বীকার করেছেন শান্ত?
মেট্রোতে মানুষের ঢল, টিকিটের জন্য দীর্ঘ লাইন