ব্যাট কিংবা বল- কোনোটিই কথা শুনছে না সাকিব আল হাসানের। বাজে সময়টাও কাটিয়ে উঠতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। সকালে সারা বিশ্ব যখন মেসির খেলা নিয়ে ব্যস্ত তখন যুক্তরাষ্ট্রে মলিন সময় পার করেছে সাকিব। তার দলও হেরেছে ৯ উইকেটের ব্যবধানে
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওরকাসের বিপক্ষে ব্যাট হাতে ৭ বলে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান সাকিব। তবে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সংগ্রহ করেছিল ৬ উইকেটে ১৬৮ রান।
সেই সংগ্রহ মামুলি হয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার আপ দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটার রায়ান রিকেলটনের ঝড়ে। ৬৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান রায়ান। ৬৬ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বল হাতে সাকিব করেন দুই ওভার। উইকেটের দেখা পাননি, উল্টো রান দেন ২৩।
মেজর লিগ ক্রিকেটে এখনো পর্যন্ত সাকিবকে দিয়ে ৪ ওভার বোলিং করাননি এলএকেআর অধিনায়ক সুনিল নারিন। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করে রান দিয়েছেন ৮২। উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন মাত্র একবার।