যাত্রীর চাপের কারণে রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের গেটে তালা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় গেটে দায়িত্বরত কাউকে দেখা যায়নি।
বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন ঘরে দেখা যায়, টিকিট কাউন্টারে উপচে পড়া যাত্রীর ভিড়। কাউন্টারের লাইন সিঁড়িতে গিয়ে ঠেকেছে। বেশিরভাগ যাত্রীই নিয়মিত যাতায়াত করেন না। ফলে তাদের এমআরটি পাস নেই। একক যাত্রার টিকিটের জন্যে মেট্রোতে ভোগান্তি বাড়ছে। এমআরটি পাস ধারী যাত্রীর চাপও ব্যাপক।
এ সময় কথা হলে এক যাত্রী আবদুল্লাহ ওবায়েদ বলেন, রাস্তা বন্ধ। তাই ভাবলাম মেট্রো রেলে করে বাসায় ফিরব। কিন্তু এসে দেখি গেট বন্ধ। গেট কেন বন্ধ বলতে পারছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ভেতর থেকেও কেউ আসছে না।
পরে সড়কের উল্টো দিকে পার্শ্ব ফটক দিয়ে মেট্রো স্টেশনে গিয়ে যাত্রীর ভিড় দেখা যায়। সেখানে কথা হলে টিকিট প্রত্যাশী ফয়সাল হোসেন জানান, তিনি নিয়মিত মেট্রোতে চলাচল করেন না। বাস বন্ধ থাকায় তিনি মেট্রোতে যাচ্ছেন। কিন্তু আজ অনেক ভিড়। এদিকে রাস্তাও বন্ধ।
সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচিতে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রাস্তা-ঘাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কার চেয়ে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ চালিয়ে যাচ্ছেন তারা।
জানা গেছে, পল্টন মোড়-জিপিওতে সড়কে বসে আন্দোলন করায় গুলিস্তান ও আশপাশের এলাকা, মতিঝিলে ছড়িয়ে পড়েছে যানজট। মানুষজন পড়েছেন ভোগান্তিতে। এ ছাড়া শাহবাগ, সায়েন্সল্যাব, ফার্মগেট, বাংলামোটর, আগারগাঁও, মহাখালী, বনানী এলাকায় শিক্ষার্থীরা সড়কে বসে পড়ায় ভোগান্তি দেখা দিয়েছে বিমানবন্দরের দিকে যাওয়া যাত্রীদেরও।