মহানবমীতে রাজধানীতে উৎসবের আবহ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। মহানবমী বিহিত পূজার্চ্চনা, ব্রতোপবাস, যজ্ঞ, পুস্পাঞ্জনীসহ নানা আয়োজনে মহানবমী উদযাপিত হচ্ছে। ধূপের ধোঁয়া, ঢাকের বাদ্য ও পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণগুলোতে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) খামারবাড়ি, রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখা যায়, নবমীর পূজা উপলক্ষে ভক্তদের ব্যাপক সমাগম ঘটেছে। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে নিয়ে দেবী দর্শনে আসেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করেন এবং মঙ্গল প্রার্থনা জানান। মহানবমীর ধর্মীয় তাৎপর্য ও আয়োজনের বিষয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, ‘আজ সকাল ৯টা ৫৯ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা সম্পন্ন হয়েছে। এরপর দিনভর ভক্তদের পুষ্পাঞ্জলি ও আরাধনার ব্যবস্থা রাখা হয়। দুপুরে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে ভোগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।’

রাজধানীর খামারবাড়ি পূজামণ্ডপে মহানবমীর পূজা দেখতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন প্রদীপ কুমার সাহা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মহানবমীতে খুব সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। মায়ের কাছে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করেছি। পৃথিবীর সব মানুষ ও প্রাণী যেন সুখে-শান্তিতে থাকে এবং সব ধরনের সংঘাত থেকে মুক্ত থাকে, সেই প্রার্থনা করেছি।’ তার স্ত্রী প্রীতি রানী সাহা বলেন, ‘সব মিলিয়ে ভালোভাবে পূজা উদ্‌যাপন করেছি। ঘুরেছি, ভালো লেগেছে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি বাসুদেব ধর দেশ রূপান্তরকে বলেন, ‘দেশজুড়ে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা চাই, বাংলাদেশের সব মানুষ যেন সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে। দুর্গোৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক— এটাই আমাদের প্রত্যাশা।’

মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২১ অক্টোবর) দেবীর দর্পণ বিসর্জন ও প্রতীমা বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমীতে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। অন্যদিকে, ঢাকা মহানগরীতে এবার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন থাকছে, যা গতবার ছিল ২৬১টি। রাস্তার মধ্যে পূজা আয়োজনের অনুমতি না মেলায় ঢাকা মহানগরীতে এবার পূজামণ্ডপের সংখ্যা তিনটি কমে গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত