চলন্ত মেট্রোরেলে ২ যুবকের মারামারি, ভিডিও ভাইরাল

চলন্ত মেট্রোরেলের মধ্যে দুই যুবকের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের বেঙ্গালুরু মেট্রোরেলে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বেঙ্গালুরু মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (বিএমআরসিএল) পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কন্নড় ভাষায় দুজন ব্যক্তি একে অপরকে গালিগালাজ করছেন। পরে তারা লোকজনে ভরা মেট্রোরেলে কিলঘুষিতে জড়িয়ে পড়েন। পরে অন্য যাত্রীরা বাধা দিয়ে ওই দুজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তবে কি নিয়ে তাদের মধ্যে মারামারির সূত্রপাত তার কারণ জানা যায়নি।

তাদের এই মারামারি দেখে নেটিজেনরা তাদের সমালোচনা মেতেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ভিড়ে ঠাসা মেট্রোতে সংঘর্ষ ভারতে এত সাধারণ হয়ে উঠেছে। মানুষ সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে একে অপরকে মারতে শুরু করে।

অপর একজন ব্যবহারকারী লিখেছেন, হতাশ যাত্রীরা দাঁড়াতে লড়াই করছেন। ছোটখাটো অসুবিধা যে কাউকে ট্রিগার করতে পারে। গণপরিবহন ব্যবহারে আমাদের সবার কিছুটা সহনশীলতা বাড়াতে হবে। এর আগে দিল্লি মেট্রোতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছিল যেখানে জাতীয় রাজধানীতে মানুষের মধ্যে একাধিক মারামারি হয়েছিল।

এদিকে, বিএমআরসিএল বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িত দু'জনকে চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানা গেছে। কোন লাইনে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি, যার জেরে চরম অসুবিধায় পড়েছেন যাত্রীরা।

বেঙ্গালুরুর নাম্মা মেট্রোতে ইতিমধ্যেই ভিড় হচ্ছে, বিশেষ করে ব্যস্ত সময়ে। পূর্ব বেঙ্গালুরুর আইটি পার্কগুলিতে কর্মরত আইটি কর্মীদের লাইফলাইন পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন মোতায়েন করা হয়েছিল।