চন্দনাইশ

দাঁড়িয়ে থাকা বাসকে আরেক গাড়ির ধাক্কা, নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেক বাসের ধাক্কা দিলে এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাত ১১টার দিকে মহাসড়কের গাছবাড়িয়া কলঘর এলাকার বরুমতি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যাত্রীর নাম নাছির হোসেন (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার ছড়া তেতুলিয়া এলাকার মৃত ফিরোজ মণ্ডলের ছেলে। আহতদের মধ্যে প্রদীপ, কবির ও ফরহাদ নামে তিনজনের নাম পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

মামুন নামে স্থানীয় এক যুবক বলেন, রাত ১১টার দিকে কক্সবাজার থেকে আসা মার্সা পরিবহন (যার নম্বর চট্টমেট্টো ব ১১-১১৪৫) বরুমতি ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় সেখানে বাসটির মেরামতের কাজ চলছিল। যাত্রীরা গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় কক্সবাজার থেকে আসা আরেকটি যাত্রীবাহী ইউরো কোচ স্লিপার গাড়ি (ঢাকা মেট্রো ব ১২-১৬৭৬) পেছন থেকে ওই বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।