চন্দনাইশে অবৈধ মাটি কাটার অভিযোগে জরিমানা

আপডেট : ২২ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী লালুটিয়া এলাকায় খিলাশ্রেণির ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। 

অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় কামাল হোসেন নামে একজনকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে সরকারি ও ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হয়ে আবাদ ব্যাহত হচ্ছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, পরিবেশ ও প্রতিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত