মারামারি দেখে বিয়েলসা ভেবেছিলেন শুভেচ্ছা বিনিময় চলছে!

কোপার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের ম্যাচে মারামারিতে জড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছেন উরুগুয়ের ফুটবলাররা। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন নুনেস, হোসে মারিয়ারা। কিন্তু এই মারামারি নিয়ে নাকি উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার কোনো ধারণাই ছিল না! তিনি ভেবেছিলেন দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে!

বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষে মাঠের মধ্যেই দুই দলের ফুটবলার ও টিম ম্যানেজম্যান্ট বিবাদে জড়িয়ে পড়ে। দুই দলের ফুটবলার-কর্মকর্তাদের হস্তক্ষেপে সেই বিবাদ থামার পর ঘটে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডাগ-আউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার জার্সি পরা দর্শকদের সঙ্গে হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা!

সংবাদ সম্মেলনে বিয়েলসা দাবি করেন, আগেই ড্রেসিংরুমে চলে যাওয়ায় তিনি এই ঘটনার কিছুই জানতেন না। তার ভাষায়, “আমি মনে করেছিলাম, মাঠেই কিছুক্ষণ বাকযুদ্ধের মধ্য দিয়ে বিষয়টা শেষ হয়ে গেছে। তারপর আমি ড্রেসিংরুমে চলে যাই। আমি ভেবেছিলাম, তারা (ফুটবলাররা) হয়তো দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিল। কিন্তু এরপর জানতে পারি, দুর্ভাগ্যবশত সেখানে কিছু ঝামেলা হয়েছে।”

অন্যদিকে উরুগুয়ে অধিনায়ক হোসে মারিয়া হিমেনেস বলেছেন, গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের রক্ষা করতেই নাকি তারা ছুটে গিয়েছিলেন। এই সংঘর্ষের জন্য মদ্যপ দর্শকদেরকেই তিনি দায়ী করেছেন।