বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে আবারও বড় আসর ফুটবলের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর। ২০২৮ সালে দক্ষিণ আমেরিকার এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের (আর্জেন্টিনা, ব্রাজিলসহ) পাশাপাশি উত্তর আমেরিকা অঞ্চল (কনকাকাফ) থেকে ৬টি জাতীয় দল অংশ নেবে। সবশেষ পাঁচ আসরের মধ্যে এটি হবে যুক্তরাষ্ট্রে তৃতীয় কোপা আমেরিকা আয়োজন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ আসরে ১৫ লাখেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন।

কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি এক বিবৃতিতে বলেন, ‘কনমেবলের সাথে আমাদের এই কৌশলগত অংশীদারিত্ব ফুটবলের উন্নয়নে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। এই চুক্তির ফলে কনকাকাফের ছয়টি জাতীয় দল বিশ্বের অন্যতম সেরা দলগুলোর বিপক্ষে খেলার নতুন সুযোগ পাবে, যা আমাদের কনকাকাফ গোল্ড কাপের প্রতিযোগিতামূলক গুরুত্বকেও আরও বাড়িয়ে দেবে।’

আগামী গ্রীষ্মেই উত্তর আমেরিকার চ্যাম্পিয়নশিপ ‘গোল্ড কাপ’ অনুষ্ঠিত হবে। আর ২০২৮ কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরুর ঠিক আগমুহূর্তে।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘কনমেবল কোপা আমেরিকা নিছক একটি টুর্নামেন্টের চেয়েও অনেক বড় কিছু—এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মাহাত্ম্যের অংশ। নতুন এই আসর আবারও প্রমাণ করার সুযোগ দেবে যে ফুটবলের কোনো সীমানা নেই এবং আমরা বড় স্বপ্ন দেখলে আরও বহুদূর এগিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, ২০২৪ সালে মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকদের মাঠে ঢুকে পড়ার বিশৃঙ্খলার কারণে সেবার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়েছিল।
সর্বশেষ সর্বাধিক পঠিত