উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনে ৩৭ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে এ ঘটনা ঘটে। এই সব জেলায় বজ্রপাতে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজ্যের প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার পরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। বুধবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। স্থানীয় সূত্রে খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা বেড়েছে। 

বুধবার বারাণসীতে বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার এবং কানপুরে ৩৫ মিলিমিটার। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেওরিয়া, গোরক্ষপুর, কুশীনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, লখুমপুর খেরিতে। অন্য দিকে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গোন্ডা, শ্রাবস্তি, বাহরাইচ, সীতাপুর, ফতেপুর, সোনভদ্র, মোরাদাবাদ, রামপুর, বরেলী, পিলিভীট, প্রয়াগরাজ, কৌশাম্বী এবং মির্জাপুরে।