বাড়িতে আগুন লাগিয়ে তিন সন্তানকে হত্যা করল বাবা

  • ঘাতক পিতার বিরুদ্ধে তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে
  • প্রতিবেশী ও উদ্ধারকারীরা বেঁচে যাওয়া চার সন্তান ও মাকে উদ্ধারে সহায়তা করেন
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম

নিজ বাড়িতে আগুন লাগিয়ে তিন সন্তানকে হত্যা এবং পরিবারের বাকি সদস্যদের হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে একজন অস্ট্রেলিয়ান পিতার বিরুদ্ধে। আগুনের এ ঘটনায় পাঁচ মাস বয়সী একটি মেয়ে শিশু এবং দুই ও ছয় বছরের দুইজন ছেলেশিশুর মৃত্যু হয়েছে।

তবে এই ঘটনায় বেঁচে গেছে তার ৪, ৭ ও ১১ বছর বয়সী তিন ছেলে, ৯ বছর বয়সী মেয়ে এবং তাদের মা। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকালে ওয়েস্টার্ন সিডনিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী ঘাতক ওই পিতার বিরুদ্ধে তিনজনকে হত্যা, পাঁচজনকে হত্যাচেষ্টা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। পরে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়াতে পারিবারিক সহিংসতাকে ‘জাতীয় সংকট’ ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল, যা দেশটিতে আতঙ্ক তৈরি করেছে।

ঘরে আগুন দেওয়া এবং উদ্ধার তৎপরতায় বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সিডনির আদালতে হাজির করবে পুলিশ।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, নিউ সাউথ ওয়েলসের ডেট সুপার ড্যানিয়েল ডোহার্টি বলেন, এই ঘটনাটি ফিলিসাইডের সবচেয়ে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি। যেখানে একজন পিতা ইচ্ছাকৃতভাবে তার সন্তানদের হত্যা করে।

তিনি বলেন, ‘ঘাতক পিতাটি পেট্রোলের মতো একটি দাহ্য পদার্থ ব্যবহার করে পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এবং তার পরিবার যেনো পালাতে না পারে সে জন্য ভেতরে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিলেন।‘

বিবিসি লিখেছে, প্রতিবেশী ও উদ্ধারকারীরা বেঁচে যাওয়া চার সন্তান ও মাকে উদ্ধারে সহায়তা করেন। ২ ও ৬ বছর বয়সী ছেলেকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। নেয়ার কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়। আর পাঁচ মাস বয়সী কন্যাশিশুকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।

পুলিশ জানিয়েছে, বেঁচে যাওয়া চার সন্তান ও তাদের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত