তাপমাত্রা কমতে পারে আজ, কাল থেকে ফের বাড়তে পারে

সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল ও পরশু আবার সামান্য বাড়তে পারে।

আবাহওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার (১২ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার।