সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে পালিত 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪টা ৫০মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ শুরু করেন তারা। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে আজ বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক হল ঘুরে ক্যাম্পাস সংলগ্ন স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন তারা।
আন্দোলনে অংশগ্রহণকারী গণিত বিভাগের শিক্ষার্থী সুজন ভৌমিক বলেন, আমাদের ন্যায্য দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিলাম। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের আন্দোলনকারী ভাইদের উপর যে হামলা পুলিশ চালিয়েছে আমরা তার প্রতিবাদে এই রেল অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা এই হামলার সুষ্ঠু বিচার কামনা করছি।