চট্টগ্রামের হাটহাজারীর এগার মাইল এলাকা থেকে ৬ বছরের এক মেয়ে শিশুকে অপহরণ করে লেগুনায় তুলে নিয়ে যাচ্ছিল এক কিশোরী। কিন্তু ওই লেগুনায় থাকা এক যাত্রীর সাহসিকতায় শিশুটিকে উদ্ধারের পাশাপাশি তাকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরীসহ চারজনকে গ্রেপ্তার করছে পুলিশ।
বৃহস্পতিবার(১১ জুলাই) বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলে এগার মাইল এলাকায় বাড়ির সামনে খেলার সময় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে এক কিশোরী।
পুলিশ জানায়, লেগুনায় করে মেয়ে শিশুটিকে নিয়ে যাচ্ছিল এক কিশোরী৷ গাড়িতে শিশুটির কান্না দেখে যাত্রীদের সন্দেহ হয়। এ সময় লেগুনায় থাকা রিয়াজ কবীর নামে এক যাত্রী শিশুটির বিষয়ে প্রশ্ন করলে উল্টো উত্তেজিত হয়ে যায় ওই কিশোরী। এক পর্যায়ে থানা পুলিশের কথা বললে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে কিশোরী। এরপর রিয়াজের সন্দেহ আরও পোক্ত হয়। এরপর এক বন্ধুর সহায়তায় তিনি লেগুনাটি নিয়ে সোজা চলে যান পাশ্ববর্তী বায়েজিদ বোস্তামি থানায়।
সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি অপহরণ করার বিষয়টি স্বীকার করে ওই কিশোরী। এরপর তাকে নিয়ে অভিযান চালিয়ে কিশোরীর সহযোগী আরেক কিশোরী এবং সাইফুল ইসলাম (৩১) ও জাহাঙ্গীর আলম (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল হাটহাজারী হওয়ায় খবর দেওয়ার পর ওই থানার পুলিশ এসে গ্রেপ্তার চারজনকে নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মাদকের টাকার জন্য শিশুটিকে অপহরণ করেছে বলে স্বীকার করেছে কিশোরী। এ ঘটনায় শিশুটির বাবা হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। এর আগে খোঁজাখুঁজি করে না পেয়ে গত বুধবার বিকেলে হাটহাজারী থানায় জিডি করেন শিশুটির বাবা। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, হাটহাজারীর এগার মাইল থেকে বুধবার বিকেলে শিশুটি অপহরণ করে বায়েজিদ এলাকায় আরেক কিশোরীর বাসায় রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে লেগুনায় করে শিশুটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। লেগুনায় থাকা এক যাত্রীর সাহসিকতায় অপহরণকারীর কবল থেকে শিশুটি উদ্ধার করা গেছে।
এদিকে গ্রেপ্তার চারজনকে আজ শুক্রবার (১২ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তবে দুই কিশোরীই মাদকাসক্ত বলে জানান তিনি।