আর্জেন্টিনাকে হারিয়ে উৎসব করতে কলম্বিয়ায় ‘নাগরিক ছুটি’ ঘোষণা

কোপা আমেরিকার ফাইনালে আর একদিন পরই মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কলম্বিয়া। ম্যাচটি ঘিরে কলম্বিয়ায় এখন উৎসবমুখর পরিবেশ। দলকে উৎসাহ আর সমর্থন দেওয়ার জন্য স্থানীয় সময় রবিবার কলম্বিয়ায় নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি হতে যাচ্ছে আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচ। তাই আর্জেন্টিনা চাইবে কোপার শিরোপা ধরে রাখতে। অন্যদিকে উরুগুয়েকে গুঁড়িয়ে দেওয়া কলম্বিয়াও ছাড়ার পাত্র নয়। অতীতে আর্জেন্টিনাকে হারানোর ইতিহাসও আছে তাদের। তাই এবারের কোপা ফাইনাল ঘিরে কলম্বিয়ায় ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তার ওপর যুক্ত হলো নাগরিক ছুটির আনন্দ।

নাগরিক ছুটি ঘোষণা করছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

কলম্বিয়া সরকার ঘোষিত এই নাগরিক ছুটির উদ্দেশ্য জাতীয় কোনো ইভেন্টে একযোগে অংশ নিতে দেশের জনগনকে উৎসাহিত করা। এই দিনটিতে দেশটির সরকারি অফিসগুলো তাদের কার্যক্রম স্থগিত করে কর্মীদের ছুটি পালনের সুযোগ দিয়ে থাকে। তবে বেসরকারি ও প্রাইভেট সেক্টরগুলোতে এই ছুটি বাধ্যতমূলক নয়। তবে সবাইকে সম্মিলিতভাবে কোপা আমেরিকার ফাইনাল উদযাপন করার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

তিনি বলেছেন, “আমি সুপারিশ করছি যে, নিয়োগদাতাদের সঙ্গে আলোচনা করে কর্মীদের সম্মিলিতভাবে কলম্বিয়ান ঐক্যের এই দিনটি উপভোগ করতে দেওয়া হোক। আমরা একটি নাগরিক ছুটি উদযান করব, যেটা কলম্বিয়ার ঐক্য দিবস হিসেবে কল্পনা করি। আশা করি সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি চাকুরিজীবিদেরকেও বাড়িতে থেকে, পান করে, নেচে-গেয়ে, প্রেমিক/প্রেমিকা, বন্ধুবান্ধব আর সহকর্মীদের সঙ্গে দিনটি উদযাপনের সুযোগ দেওয়া উচিত।”