ইউরো দিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনায় চলে এসেছেন লামিলে ইয়ামাল। এর মাঝেই স্পেনের এই ১৭ বয়সী ফুটবলারের একটি ছবি ভাইরাল হয়ে যায়। মাত্র ছয় মাস বয়সে লিওনেল মেসির সঙ্গে সেই ছবিগুলো তোলা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ছবিগুলো এতদিন কেন গোপন ছিল?
ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে কাতালান পত্রিকা দিয়ারো স্পোর্তের একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য এই ছবিগুলো তোলা হয়েছিল। ইয়ামালের মতো আরও অনেক বাচ্চা ছিল সেই ফটোশ্যুটে। কিন্তু মেসির সঙ্গে ক্যামেরবন্দি ইয়ামাল যে একদিন ফুটবলার হয়ে উঠবে, সেটাই বা কে জানত? ঠিক এ কারণেই ছবিগুলো নিয়ে এত আলোচনা।
ইউরোর ফাইনালের আগে এই ছবিগুলোর রহস্য নিয়ে মুখ খোলেন ইয়ামাল, “অবশ্যই, ছবিগুলো তোলার সময় কী হচ্ছিল, ওই বয়সে আমার বোঝার কথা নয়। আমার বাবার কাছে ছিল ছবিটা এবং কখনোই সেগুলো প্রকাশ্যে আসেনি। আসলে আমরা চাইনি, মেসির সঙ্গে আমার কোনো তুলনা হোক। ফুটবলে সবসময়ের সেরার সঙ্গে তুলনা হলে নিশ্চয় কেউ বিরক্ত হবে না। কিন্তু এটা আপনার বিপক্ষে যেতে পারে, কারণ তার মতো হওয়া কখনও সম্ভব নয়।”
২০২৩ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর দ্রুতই তাদের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন ইয়ামাল। ডাক পান স্পেনের জাতীয় দলেও। তবে এখনও মেসির সঙ্গে তার কথা বলার সুযোগ হয়নি। আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে দেখা করার ইচ্ছা আছে ইয়ামালের, “ছবিটা কাকতালীয়। কখনই তার সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু আমি আশা করি একদিন তার সঙ্গে দেখা করার সুযোগ পাব।”
ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে আইনি ঝামেলায় স্পেন
হার্দিকের পাশে অন্য নারী, স্ত্রীর রহস্যময় পোস্ট
ইয়ামালকে মেসি নাকি মেসিকে ইয়ামাল আশীর্বাদ করেছিল, প্রশ্ন ইয়ামালের বাবার