কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা আর আর্থিক কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছেন আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের প্রধান ক্লেয়ার ফারলং এবং ভেন্যু পরিদর্শক দলের সদস্য তথা আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি। আগামী শুক্রবার শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলনের আগমুহূর্তে এই ঘটনা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে বিপদে ফেলে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’ জানিয়েছে, সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন। এরপর পরিচালক পঙ্কজ খিমজি বিশ্বকাপে আয়–ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠান এবং তদন্তের আহ্বান জানান। আইসিসির বার্ষিক সম্মেলনে এ বিষয়ে আলোচনা এবং তদন্ত হওয়ার কথা আছে। তার আগেই এই দুজন পদত্যাগ করলেন।
আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউজ১৮–আরও জানিয়েছে, আইসিসি আশা করেছিল টিকিটের দাম বাড়িয়ে ‘অযাচিত ব্যয়’ পুষিয়ে নেবে। কিন্তু মাঠে দর্শক সমাগম কম হওয়ায় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, “কোনো কারণ ছাড়াই অর্থের অপচয় করা হয়েছে। তারা শুধু একটি দিক সক্রিয় রাখার জন্য হাজার হাজার ডলার ব্যয় করেছে। কিন্তু (দর্শকদের) দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে। বিশ্বকাপ নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না। কয়েকজন ব্যক্তি নিজেদের ইচ্ছেমতো টাকা ঢেলেছে।”
এদিকে আইসিসির বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, ফারলং ও টেটলি আরও আগেই পদত্যাগ করেছেন। এরপরও তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে গেছেন যেন নতুন কেউ এই দুই পদে যোগ দেওয়ার পর সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় পান এবং আইসিসির দৈনন্দিন কাজে যেন ব্যাঘাত না ঘটে। ফারলং ও টেটলি আইসিসির বার্ষিক সম্মেলনেও উপস্থিত থাকবেন।
ধারণা করা হচ্ছে, দুজনেই বিশ্বকাপের ‘গড়পড়তা মানের’ পিচ নিয়ে বেশ চাপে ছিলেন। আইসিসির সম্মেলনে এ ইস্যুতেও জবাবদিহি করতে হবে বলেই নাকি তারা পদত্যাগ করেছেন।